সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খোলার সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তোলা হয়েছে।
বালু উত্তোলনের সাথে জড়িত বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের মোট ১১ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চিঠিতে অভিযুক্ত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এতে বারহাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চকগ্রামের নদীভাঙন এলাকার বাসিন্দাদের পক্ষে আবেদন জানানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স খোলা হয়। এ সময় মাজারের ডেগ ও দানবাক্স থেকে মোট ৪ বস্তা টাকা পাওয়া যায়। পরে টাকাগুলো মাজার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় বর্তমানে গণনা চলছে।
চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অপরিকল্পিতভাবে সুরমা নদী থেকে বালু তুলছে। এতে নদীর দুই পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে শত শত পরিবার বাড়িঘর ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। অনেক আবাদি জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী ও প্রভাবশালী ব্যক্তিরা এই বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত। তাদের সহায়তা ও হুমকির কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পান না। স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো স্থায়ী প্রতিকার মেলেনি বলে চিঠিতে দাবি করা হয়েছে।
চিঠিতে ১১ জনের একটি তালিকা দেওয়া হয়েছে। তাদের বালু উত্তোলনের সাথে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। তালিকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতাদের নাম রয়েছে।
শেষে নদীভাঙন ও অসহায় মানুষের সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন চিরতরে বন্ধ এবং তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে। চিঠিতে ‘ক্ষতিগ্রস্ত জনসাধারণের পক্ষে’ একজন স্বাক্ষর করেছেন, তবে স্বাক্ষর থেকে নাম স্পষ্ট বোঝা যায়নি।



