‘কিড মেসি’ নামে পরিচিত ১৬ বছর বয়সী ইংলিশ ফুটবল প্রতিভা জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। তাকে পেতে বার্সেলোনা, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত দৌড়ে এগিয়ে গেছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা এই তরুণের সাথে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে রিয়াল।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিংগিতো টিভির সাংবাদিক মার্কোস বেনিতো সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছেন, গ্যাব্রিয়েলের রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই দলবদলের বিনিময়ে প্রশিক্ষণ ক্ষতিপূরণ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড পাবে ৩ লাখ ৬০ হাজার ইউরো।
রিয়ালে যোগ দেওয়ার ইচ্ছা অবশ্য আগেই প্রকাশ করেছিলেন গ্যাব্রিয়েল। এক সাক্ষাৎকারে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার স্বপ্নের কথা জানান তিনি। শুধু তাই নয়, রিয়ালের জার্সিতে ব্যালন ডি’অর জেতার লক্ষ্যও রয়েছে তার।
তবে বয়সের কারণে আপাতত রিয়ালের মূল দলের কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছেন না এই তরুণ। ফেডারেশনের নিয়ম অনুযায়ী, আগামী জানুয়ারির আগে ১৬ বছর বয়সী গ্যাব্রিয়েল ক্লাবটির রিজার্ভ দল কাস্তিয়ায় যোগ দিতে পারবেন না। তাই শুরুতে বয়সভিত্তিক দলের সাথে অনুশীলন ও খেলায় যুক্ত থাকবেন তিনি।
গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য ট্রান্সফার রিকোয়েস্ট জমা দেন গ্যাব্রিয়েল। এরপর থেকেই ক্লাবের বাইরে মাদ্রিদে অনুশীলন করছিলেন এই ইংলিশ আক্রমণভাগের খেলোয়াড়।
ইংল্যান্ডের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় গ্যাব্রিয়েলকে। চেলসি, আর্সেনাল ও ওয়েস্ট হামের একাডেমি ঘুরে ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। এরপর অনূর্ধ্ব-১৮ দলের হয়ে লিডসের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে আলোচনায় আসেন এই কিশোর।
তিনি কি পারবেন শৈশবের স্বপ্নের ক্লাবে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে, সেটিই এখন দেখার বিষয়।


