রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামে তার বাড়ি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আতাউল হকের বিরুদ্ধে শ্যামনগর থানায় হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, আবার কোথাও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের ঘটনাও বেড়েছে।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তুরাগ থানা এলাকা থেকে চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের পাশাপাশি এক দিনের ব্যবধানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


