...|...|...

বিশ্ব

বাব আল-মান্দেব থেকে পিছু হটল ইয়েমেনের সরকারি বাহিনী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ৯:১০
Shares
বাব আল-মান্দেব থেকে পিছু হটল ইয়েমেনের সরকারি বাহিনী

ছবি: সংগৃহীত

ইয়েমেনের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালী ও পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। বিদ্যমান হুমকি মোকাবিলা এবং সামরিক অবস্থান পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সরকারি বাহিনীর সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নাজিলি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে সরকারি বাহিনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীর হামলা ও তৎপরতার জবাব দিচ্ছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পর্যালোচনা এবং বিদ্যমান হুমকি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা ইউনিটগুলোর অবস্থান পুনর্বিন্যাস করা হয়েছে। এ পদক্ষেপের লক্ষ্য সামরিক অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি তাইজ শহরের অবরোধ তুলে নেওয়া এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।

মারিব, আল-জাওফ ও তাইজসহ অন্যান্য রণাঙ্গনেও সরকারি বাহিনী ও তাদের সমর্থনে থাকা জনপ্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান তিনি। এসব এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলা এবং হুমকির উৎসগুলো নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।

এদিকে, ১৫ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনী বাব আল-মান্দেব প্রণালি-সংলগ্ন এলাকা থেকে সরে যাওয়ায় কৌশলগত এই জলপথের ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও জোরালো হয়েছে। বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় অঞ্চলটির সামরিক পরিস্থিতি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্যও তাৎপর্যপূর্ণ।