...|...|...

সারাদেশ

বাবার মিশুকসহ মাদ্রাসাছাত্র নিখোঁজ, পরিত্যক্ত স্থানে মিলল রিকশা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৪
Shares
বাবার মিশুকসহ মাদ্রাসাছাত্র নিখোঁজ, পরিত্যক্ত স্থানে মিলল রিকশা

নিখোঁজ মাদ্রাসাছাত্র মাশুকুর রহমান ইমন। ছবি: সংগৃহীত

ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকা থেকে বাবার ব্যাটারিচালিত ‘মিশুক’ রিকশা নিয়ে বের হয়ে মাশুকুর রহমান ইমন (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা থেকে ফেরার পর বাবার রিকশাটি নিয়ে বের হয় সে। এরপর রাত পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি ইমন।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার।

নিখোঁজ ইমন ফেনীর বিরিঞ্চি সুফিয়া নূরিয়া মাদ্রাসার শিক্ষার্থী। সে দরিদ্র পরিবারের সন্তান। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচে সহায়তা করতে মাঝেমধ্যে বাবা মো. শহীদুল ইসলাম (সুজন) এর মিশুক রিকশা চালাত।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে মাদ্রাসা থেকে ফেরার পর ইমন বাবার মিশুক নিয়ে বের হয়। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে মঙ্গলবার সকালে ফেনী মডেল থানায় জিডি করা হয়। জিডির পর পুলিশ অনুসন্ধানে নামে। একপর্যায়ে ফেনীর ফতেহপুর এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় মিশুকটি উদ্ধার করে পুলিশ। তবে মিশুকটির চালক ইমনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইমনের বাবা শহীদুল ইসলাম বলেন, আমার ছেলে বিরিঞ্চি সুফিয়া নূরিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। বিকেলে আমাকে গাড়ি চালিয়ে একটু সাহায্য করত। সোমবার বিকেলে গাড়ি নিয়ে বের হওয়ার পর সে আর ফেরেনি। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে থানায় জিডি করেছি।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, মাদ্রাসাছাত্র নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারি ছাড়া রিকশাটি উদ্ধার করেছে। নিখোঁজ ইমনের সন্ধানে পুলিশ কাজ করছে।