লোকসংগীত, জারি-সারি আর বৈঠার ছন্দে মুখর হয়ে উঠেছিল মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা এলাকার বাঘিয়ার বিল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে সেখানে বসেছিল প্রাণের উৎসব। বাচাড়ী নৌকার তীব্র প্রতিযোগিতা আর হাজারো দর্শকের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো বিলপাড়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাখুল্লা-সিরাজকাঠি যুবসমাজের উদ্যোগে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতার শুরুতে ভাসমান নৌকায় হারমোনিয়াম ও ঢোলের তালে লোকসংগীত ও জারি গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সরেজমিনে দেখা যায়, রাজৈরের আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা এলাকার বাঘিয়ার বিলে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ১০টির বেশি দল। নৌকা ছুটে চলার সাথে সাথে বৈঠার ছন্দে জমে ওঠে প্রতিযোগিতা। বিলের দুই পাড়ে এবং ছোট ছোট নৌকায় অবস্থান নেওয়া নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শক করতালি ও উচ্ছ্বাসে প্রতিযোগীদের উৎসাহ দেন।
আয়োজকরা জানান, প্রায় চারশ বছরের পুরোনো গ্রামবাংলার এই ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতির পরিচয় তুলে ধরতেই এ আয়োজন। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে নৌকাবাইচ আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। এছাড়া পরবর্তী স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে পাঁচটি এলইডি টিভি ও পাঁচটি মোবাইল ফোন পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।


