রহস্যের জট খুলে অপরাধী শনাক্ত করার চিরচেনা গোয়েন্দা গল্পে নতুন মাত্রা যোগ করেছিল জেমস বন্ড। দুর্ধর্ষ অভিযান, অত্যাধুনিক প্রযুক্তি আর আন্তর্জাতিক ষড়যন্ত্রের রোমাঞ্চ নিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা এই ব্রিটিশ গুপ্তচর চরিত্রের প্রভাব পড়ে বাংলা সাহিত্যেও। বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় স্পাই থ্রিলার চরিত্র মাসুদ রানার সৃষ্টিতে জেমস বন্ডের অনুপ্রেরণা নিয়ে রয়েছে দীর্ঘদিনের আলোচনা। কিন্তু বাংলা গোয়েন্দা সাহিত্যের গল্প বলার ধরন বদলে দিতে আসলে কতটা ভূমিকা রেখেছিল জেমস বন্ড?
ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিং ১৯৫২ সালে জেমস বন্ড চরিত্রের প্রথম উপন্যাস ‘ক্যাসিনো রয়েল’ লেখেন। বইটি প্রকাশিত হয় ১৯৫৩ সালে। এরপর ১৯৬২ সালে মুক্তি পায় প্রথম বন্ড চলচ্চিত্র ‘ডক্টর নো’। ধীরে ধীরে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এই গুপ্তচর চরিত্র।
বাংলা গোয়েন্দা সাহিত্যে একসময় রহস্য সমাধানই ছিল প্রধান বিষয়। ব্যোমকেশ বক্সী, ফেলুদা কিংবা কিরীটি রায়ের মতো চরিত্রগুলো বুদ্ধি, পর্যবেক্ষণ ও যুক্তির মাধ্যমে অপরাধের রহস্য উন্মোচন করতেন। তবে জেমস বন্ডের জনপ্রিয়তার পর অ্যাকশন, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিযানভিত্তিক গল্পের প্রতি পাঠকদের আগ্রহ বাড়তে থাকে।
বাংলাদেশে এই ধারার অন্যতম পরিচিত চরিত্র মাসুদ রানা। ১৯৬৬ সালে কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ প্রকাশের মাধ্যমে শুরু হয় সিরিজটির যাত্রা। জেমস বন্ডের মতো মাসুদ রানাও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা, বিপজ্জনক অভিযান ও গুপ্তচরবৃত্তিতে দক্ষ এক চরিত্র।
মাসুদ রানার স্রষ্টার চাচাতো ভাই কাজী রওনক হোসেন গনমাধ্যমকে জানান, চরিত্রটি তৈরিতে জেমস বন্ডের প্রভাব থাকলেও মাসুদ রানা সরাসরি তার অনুকরণ নয়। সময়ের সাথে চরিত্রটিতে নিজস্ব বৈশিষ্ট্য যুক্ত হয়েছে।
আশি ও নব্বইয়ের দশকে মাসুদ রানা সিরিজ বাংলাদেশের তরুণ পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সাশ্রয়ী দাম, রোমাঞ্চকর কাহিনি ও সহজ ভাষার কারণে অনেকের বই পড়ার অভ্যাস গড়ে ওঠে এই সিরিজের মাধ্যমে।
তবে লেখক ও প্রকাশকদের মতে, বাংলা থ্রিলার এখন আর জেমস বন্ডের প্রভাবেই সীমাবদ্ধ নেই। দেশীয় রাজনীতি, ইতিহাস, অপরাধ ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন নতুন মৌলিক গল্প।
ফলে বিদেশি গুপ্তচর চরিত্রের অনুপ্রেরণা থেকে শুরু হলেও বাংলা গোয়েন্দা সাহিত্য ধীরে ধীরে নিজস্ব পরিচয় ও স্বতন্ত্র গল্প বলার ধারা গড়ে তুলেছে।


