...|...|...

খেলা

বাংলাদেশে আসছেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:১০
Shares
বাংলাদেশে আসছেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড

আইশোস্পিড। ছবি: সংগৃহীত

বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের স্বপ্ন পূরণে ২০২৭ সালে বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র। অনলাইনে আইশোস্পিড নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটরের সম্ভাব্য ভ্রমণ তালিকায় রয়েছে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ।

সম্প্রতি ‘লাইফ ম্যাগাজিন’-এর পুনঃপ্রকাশ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আগামী বছরের ভ্রমণ পরিকল্পনার কথা জানান আইশোস্পিড। সেখানে ভারত, বাংলাদেশ, নেপাল, কাজাখস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশ ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিশ্বের সব দেশ ভ্রমণ করাকে নিজের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন এই মার্কিন তারকা। তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশ ঘুরেছেন তিনি। আগামী দুই বছরের মধ্যে বিশ্বের প্রতিটি দেশে যাওয়ার লক্ষ্য পূরণ করতে চান।

বাংলাদেশ সফরের আগ্রহ অবশ্য আইশোস্পিডের জন্য নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি ভক্তরা তাকে এ দেশে আসার আমন্ত্রণ জানিয়ে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বরে একটি লাইভস্ট্রিমে বাংলাদেশি এক দর্শকের আমন্ত্রণের জবাবে দেশটি ঘুরে দেখার আগ্রহ জানিয়েছিলেন তিনি।

এর আগে একই বছরের সেপ্টেম্বরে লাইভস্ট্রিম চলাকালে তার হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একটি জার্সি। এরপর বিভিন্ন সময় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন জনপ্রিয় এই স্ট্রিমার।

গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। ভিডিওতে রাজশাহীর এক ভক্তের সাথে দেখা করার প্রতিশ্রুতি দেন আইশোস্পিড। তবে ওই ভক্ত তাকে হাসাতে না পারায় কথার মাঝেই অন্য প্রসঙ্গে চলে যান তিনি।

গেমিং ও ফুটবলবিষয়ক ভিডিও তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন আইশোস্পিড। বিশেষ করে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তার অনুরাগ ভক্তদের কাছে বেশ পরিচিত। রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপন অনুকরণ করেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

চলতি মাসের শুরুতে টানা প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট লাইভস্ট্রিম করে নতুন করে আলোচনায় আসেন এই ইউটিউবার। এ সময় না ঘুমিয়ে ‘জিটিএ সিক্স’ গেমের মূল কাহিনি শেষ করার দাবি করেন তিনি।

তবে বাংলাদেশে আসার পরিকল্পনা থাকলেও ২০২৭ সালের সফরের নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করেননি আইশোস্পিড। ঢাকাসহ দেশের অন্য কোনো স্থানে তার সম্ভাব্য সফরসূচি সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।