বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে একাদশ নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছে অস্ট্রেলিয়া। নাথান লায়নকে বাইরে রেখে চার পেসার খেলানোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ এই স্পিনারকে একাদশে রেখেছে স্বাগতিকরা। পরিবর্তন এসেছে ওপেনিংয়ে ডারউইন টেস্টে ব্যর্থ জ্যাক ওয়েদারাল্ডের জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামীকাল ২২ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬ টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পাওয়ায় দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাদশ নিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে চাননি। পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন তিনি। একই সাথে তার কথায় একাধিক পরিবর্তনের ইঙ্গিতও মিলেছিল। তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই নিজেদের একাদশ প্রকাশ করে অস্ট্রেলিয়া।
শেষ পর্যন্ত পরিবর্তন হয়েছে মাত্র একটি। একাদশে থাকা লায়নকে বাদ না দেওয়ায় চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাস্তবায়ন করেনি অস্ট্রেলিয়া। ফলে বোলিং আক্রমণে লায়নের সাথে থাকছেন কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। পেসার স্কট বোল্যান্ডকে তাই একাদশের বাইরে থাকতে হচ্ছে।
ব্যাটিংয়ে ওপেনিংয়ে ট্রাভিস হেডের সাথী হবেন ম্যাট রেনশ। এরপর আছেন মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টারের সাথে অধিনায়ক কামিন্সও থাকছেন।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।


