...|...|...

বিশ্ব

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্রের জ্বালানি, মিলল লাখ লাখ সিম কার্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৬
Shares
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্রের জ্বালানি, মিলল লাখ লাখ সিম কার্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে আসার পথে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। জাহাজটিতে বিপুল ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির উপাদানের পাশাপাশি লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ডও পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ওয়াসপাদার প্রতিবেদনে বলা হয়েছে, কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের দিকে আসছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য বিরতি দিলে ইন্দোনেশীয় নৌবাহিনীর একটি টহল জাহাজ সেটিকে আটক করে।

জাহাজটির ৩৬টি কনটেইনারে তল্লাশি চালিয়ে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের সন্ধান পান নৌসদস্যরা। এ ছাড়া ৫৪টি প্যালেটে বিপুলসংখ্যক অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড উদ্ধার করা হয়।

নৌ আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ান জানান, সোডিয়াম পারক্লোরেট একটি গুরুত্বপূর্ণ অক্সিডাইজিং এজেন্ট। এটি রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহার করা হয়। জব্দ করা রাসায়নিকের পরিমাণ দিয়ে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব বলে জানান তিনি।

ইন্দোনেশীয় নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ গত ৭ নভেম্বর এমভি স্টার লাইনকে আটক করে। এরপর থেকে জাহাজটি বেলাওয়ান উপকূলের কাছে নোঙর করে রাখা হয়েছে। জাহাজের রাসায়নিক ও অন্যান্য পণ্য পরিবহনের বৈধতা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত চলছে।