...|...|...

সারাদেশ

বল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল যমজ ভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৭
Shares
বল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল যমজ ভাইয়ের

বল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল যমজ ভাইয়ের। ছবি: টাইমস টুডে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে হুজাইফা ও আকরাম নামে ২০ মাস বয়সী যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশু ওই গ্রামের মোহাম্মদ আক্কাস মিয়ার যমজ ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে খেলছিল দুই ভাই। একপর্যায়ে তাদের খেলার বলটি পাশের পুকুরে পড়ে যায়। বল আনতে গিয়ে দুই ভাই পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত স্থানীয় বাসিন্দারাও।

বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলতে গিয়ে দুই শিশুর বল পুকুরে পড়ে যায়। পরে বল আনতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। খোঁজখবর নিয়ে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। মানবিক দিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।