মাদারীপুরের শিবচর উপজেলার দীর্ঘদিনের পরিচিত ‘বরহামগঞ্জ পোস্ট অফিস’ এর নাম পরিবর্তন করে ‘শিবচর উপজেলা পোস্ট অফিস’ করায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। শিবচরের ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা ‘বরহামগঞ্জ’ নামটি বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি নথিপত্র, চিঠিপত্র, দাপ্তরিক কাগজপত্র ও বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে ‘বরহামগঞ্জ পোস্ট অফিস’ নামটি ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ নাম পরিবর্তনের ফলে পুরোনো নথিপত্র সংশোধনসহ নানা ধরনের প্রশাসনিক জটিলতায় সাধারণ মানুষকে পড়তে হতে পারে বলে আশঙ্কা তাদের।
ডাক বিভাগের ফরিদপুর পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে গত ২৪ আগস্ট জারি করা এক চিঠিতে ‘বরহামগঞ্জ’ উপজেলা পোস্ট অফিসের নাম পরিবর্তন করে ‘শিবচর উপজেলা পোস্ট অফিস’ করার কথা জানানো হয়। প্রশাসনিক উপজেলার নামের সাথে সামঞ্জস্য রাখতেই এ পরিবর্তন আনা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ডাক বিভাগের এ সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন বলেন, বরহামগঞ্জ পোস্ট অফিস নামটি দীর্ঘদিন ধরে মানুষের পরিচিত। নাম পরিবর্তনের ফলে পুরোনো কাগজপত্র ও বিভিন্ন নথি সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষকে বাড়তি ঝামেলায় পড়তে হবে। এর কোনো যৌক্তিকতা আমরা দেখছি না।
স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া বলেন, বরহামগঞ্জ শুধু একটি ডাকঘরের নাম নয়, এটি এ এলাকার ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত। নাম পরিবর্তনের আগে স্থানীয় মানুষের মতামত নেওয়া হয়নি। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক।
এ বিষয়ে শিবচর উপজেলা পোস্টমাস্টার মো. হাবিবুর রহমান বলেন, তিনি প্রায় তিন মাস আগে শিবচর উপজেলা পোস্ট অফিসে যোগ দিয়েছেন। গত ২৪ আগস্ট ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে পাঠানো চিঠির মাধ্যমে তিনি নাম পরিবর্তনের বিষয়টি জানতে পারেন। তবে কী কারণে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তার জানা নেই।
স্থানীয়দের মতে, ‘বরহামগঞ্জ’ নামটি শিবচরের দীর্ঘদিনের ঐতিহাসিক পরিচয়ের অংশ। তাই প্রশাসনিক নামের সাথে সামঞ্জস্যের কারণে প্রচলিত ও ঐতিহ্যবাহী এ নাম পরিবর্তন না করে ডাক বিভাগের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত।
এলাকাবাসী দ্রুত ‘বরহামগঞ্জ পোস্ট অফিস’ নামটি পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই সাথে ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় মানুষের মতামত এবং এলাকার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


