অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজ পিসির মধ্যে আন্তসংযোগ আরও সহজ করতে নতুন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মাইক্রোসফট। নতুন ফিচার চালু হলে অ্যান্ড্রয়েড ফোন থেকেই এক ট্যাপে উইন্ডোজ কম্পিউটার বন্ধ করা, স্লিপ মোডে নেওয়া এবং সফটওয়্যার হালনাগাদ করার মতো কাজ করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ লেটেস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফটের ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের সাম্প্রতিক সংস্করণের কোড বিশ্লেষণ করে এসব নতুন সুবিধার সম্ভাব্য ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে অ্যান্ড্রয়েড অথরিটি অ্যাপটির কোডে একই ধরনের কিছু নির্দেশনা শনাক্ত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপের কোডে উইন্ডোজ পিসি বন্ধ করা এবং স্লিপ মোডে নেওয়ার জন্য নির্দিষ্ট কমান্ডের উপস্থিতি দেখা গেছে। এর ফলে ভবিষ্যতে ব্যবহারকারীরা কম্পিউটারের সামনে না বসেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এসব কাজ করতে পারবেন।
তবে পিসি স্লিপ মোডে যাওয়ার পর একই ফোন ব্যবহার করে সেটিকে আবার সক্রিয় বা চালু করা যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ফোন থেকেই পিসি হালনাগাদ
সম্ভাব্য নতুন ফিচারগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর হতে পারে ফোন থেকে উইন্ডোজ পিসি হালনাগাদ করার সুবিধা। অ্যাপের কোডে ‘আপডেট অ্যান্ড রিস্টার্ট’ এবং ‘আপডেট অ্যান্ড শাটডাউন’ ধরনের নির্দেশনার ইঙ্গিত পাওয়া গেছে।
এর অর্থ হলো, কম্পিউটারে কাজ করার সময় কোনো সফটওয়্যার বা সিস্টেম আপডেটের নোটিফিকেশন এলেও ব্যবহারকারী চাইলে সেটি পরে করতে পারবেন। পরে কম্পিউটারের সামনে না বসেই স্মার্টফোন থেকে আপডেটের নির্দেশ দেওয়া সম্ভব হতে পারে।
ধরা যাক, রাতে ঘুমানোর আগে কম্পিউটারে একটি গুরুত্বপূর্ণ আপডেট ইনস্টল করা প্রয়োজন। সে ক্ষেত্রে পিসির সামনে বসে আপডেট শেষ হওয়ার অপেক্ষা না করে ফোন থেকেই হালনাগাদ শুরু করা যাবে। প্রয়োজন অনুযায়ী আপডেট শেষ হওয়ার পর কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ বা পুনরায় চালু করার নির্দেশও দেওয়া যেতে পারে।
এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট
তবে এসব সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ের সম্ভাবনা হিসেবেই রয়েছে। মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে নতুন ফিচারগুলোর ঘোষণা দেয়নি। শুধু অ্যাপের কোড বিশ্লেষণ করে সম্ভাব্য ফিচারগুলোর অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে।
তাই শেষ পর্যন্ত মাইক্রোসফট এসব সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করবে কি না, সেটি নিশ্চিত নয়। ফিচারগুলো চালু হলেও কবে নাগাদ সেগুলো পাওয়া যাবে, সে সম্পর্কেও কোনো নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।
ফোন ও পিসির সংযোগ আরও বাড়ানোর উদ্যোগ
অ্যান্ড্রয়েড ফোন ও উইন্ডোজ কম্পিউটারের মধ্যে সংযোগ তৈরির সুবিধা অবশ্য নতুন নয়। মাইক্রোসফটের ‘ফোন লিংক’ এবং ‘লিংক টু উইন্ডোজ’ ব্যবস্থার মাধ্যমে বর্তমানে ফোনের নোটিফিকেশন দেখা, বার্তা আদান-প্রদানসহ বিভিন্ন কাজ করা যায়। তবে ফোনের মডেল ও নির্মাতার ওপর ভিত্তি করে সুবিধার পরিমাণে পার্থক্য রয়েছে।
এদিকে মাইক্রোসফটের সমাধানের বিকল্প হিসেবেও কিছু তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করা যায়। এর মধ্যে সেফিরাহ নামের একটি অ্যাপ অ্যান্ড্রয়েড ফোন ও উইন্ডোজ পিসির মধ্যে সংযোগ তৈরির বিভিন্ন সুবিধা দিয়ে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন ফিচারগুলো বাস্তবে চালু হলে স্মার্টফোন থেকেই দূরে থাকা উইন্ডোজ পিসির গুরুত্বপূর্ণ কিছু কাজ নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে। বিশেষ করে পিসি আপডেট, রিস্টার্ট কিংবা বন্ধ করার মতো দৈনন্দিন কাজের ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের সময় ও ঝামেলা কমাতে পারে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

