...|...|...

চট্টগ্রাম

ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট, কয়েক ঘণ্টা পর মিলল ঝুলন্ত লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৯
Shares
ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট, কয়েক ঘণ্টা পর মিলল ঝুলন্ত লাশ

নেপাল রবি দাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’-এমন একটি বার্তা দেওয়ার পর নেপাল রবি দাশ (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকায় নিজের সেলুন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নেপাল রবি দাশ পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় সদস্যের পরিবারের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। এক ভাইকে সাথে নিয়ে রুস্তমহাট এলাকায় সেলুন পরিচালনা করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নেপাল তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার পাশাপাশি সবার কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট দেন। এর কিছু সময় পর স্থানীয়রা সেলুনের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।