ফেনীতে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা থেকে পড়ে নুরুল আলম (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনী শহরের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার শাহাব উদ্দিন রিটু পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল আলম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাসানীপাড়া এলাকার বাহাদুরের ছেলে। তিনি ফেনীতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নুরুল আলম। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা জানান, ওই নির্মাণাধীন ভবনের মালিক রামপুর এলাকার অ্যাডভোকেট মো. তুহিন।
নিহতের মরদেহ বর্তমানে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


