...|...|...

চট্টগ্রাম

ফেনীতে এক রাতে পাঁচ স্থানে অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৩
Shares
ফেনীতে এক রাতে পাঁচ স্থানে অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ

ছবি: টাইমস টুৃডে

ফেনীতে এক রাতেই একাধিক স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দাগনভূঞায় মহিলা মাদ্রাসা, সদর উপজেলার কালিদহে ঢাকা-চট্টগ্রাম রেলপথ, সোনাগাজীর মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়, জেলা নির্বাচন অফিসের ফটক এবং প্রধান ডাকঘরের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়েছে।

এ ছাড়া শহরের একটি প্রাইভেটকারেও অগ্নিসংযোগ এবং দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত থেকে রবিবার (২৯ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে রাতের ঘটনাগুলোর সূত্রপাত হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালিদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে আগুন দেওয়া হয়। রাত ১টার দিকে সোনাগাজীর মতিগঞ্জ ভূমি অফিসের ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

একই সময়ে কাজীরহাট বাজারে একটি প্রাইভেটকারেও আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ফেনী প্রধান ডাকঘরের পেছনের একটি পরিত্যক্ত কক্ষ এবং জেলা নির্বাচন অফিসের ফটকেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দাগনভূঞার সিলোনিয়া উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মহিলা আলিম মাদ্রাসার দুটি টিনশেড ঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রতিষ্ঠানের আসবাবপত্র পুড়ে যায়। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রেলপথে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে রেললাইনে আগুনের একটি ভিডিও তার নজরে এসেছে। পরে বিষয়টি খোঁজখবর নিয়েছেন। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।’

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, ‘রেললাইনে আগুন দেওয়ার বিষয়ে তিনি অবগত নন। রাত ৩টা পর্যন্ত তিনি সহদেবপুর এলাকায় দায়িত্ব পালন করেছেন।’

এদিকে দাগনভূঞার সিলোনিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী শাহজাহান চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মামুন জানান, আগুনে প্রতিষ্ঠানের মূল্যবান আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাইফুল ইসলাম বলেন, ‘জেলায় নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী সদরে চারটি, বিভিন্ন ইউনিয়নে চারটি এবং মহাসড়কে ছয়টি টহল দল দায়িত্ব পালন করছে।’

তিনি আরও বলেন, ‘শহরে সুবিধা করতে না পেরে দুর্বৃত্তরা গ্রামাঞ্চলের জনবসতিহীন এলাকায় নাশকতার চেষ্টা করছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেছে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তবে এক রাতের ব্যবধানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোতে সংঘটিত এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।