...|...|...

বিশ্ব

ফিলিপাইনের মুসলিম অঞ্চলে প্রথম নির্বাচন অনুষ্ঠিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫০
Shares
ফিলিপাইনের মুসলিম অঞ্চলে প্রথম নির্বাচন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

কয়েক দশকের সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘাতের ইতি টেনে দক্ষিণ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরায় ঐতিহাসিক প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খ্রিষ্টানপ্রধান দেশটির দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী লড়াই বন্ধ করে স্বশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ভোটকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি।

২০১৪ সালে স্বাক্ষরিত এক ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে ‘মুসলিম মিন্দানাওয়ের বাংসামোরা স্বায়ত্তশাসিত অঞ্চল’ গঠিত হয়। চুক্তি অনুযায়ী, দেশটির বৃহত্তম মুসলিম বিদ্রোহী গোষ্ঠী পৃথক রাষ্ট্রের দাবি ছেড়ে বৃহত্তর স্বায়ত্তশাসন মেনে নেয় এবং প্রায় ৪০ হাজার সশস্ত্র যোদ্ধা অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।

অবশ্য ভোটগ্রহণের ঠিক আগমুহূর্তে কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এরউইন গার্সিয়া জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোলাগুলিতে তিনজন নিহত ও ১৫ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে কোটাবাটো শহরটিকে সরাসরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং সেখানে এক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জালিয়াতির অভিযোগে বাসিলান প্রদেশের মালুসো শহরটিকেও কমিশন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সেখানকার ৬৮টি কেন্দ্রের মধ্যে ৩৬টিতে আগে থেকে সিল মারা ব্যালট উদ্ধার হওয়ায় সেগুলো বাতিল করে পুনরায় নতুন ব্যালটে ভোট নেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৭০-এর দশক থেকে দক্ষিণ ফিলিপাইনে চলা দীর্ঘমেয়াদি স্বাধীনতা সংগ্রামের সংঘাতে অন্তত দেড় লাখ মানুষের প্রাণহানি ঘটেছে।