...|...|...

সারাদেশ

প্রেমিককে নিয়ে বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় দুজনই নিহত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ৯:০৮
Shares
প্রেমিককে নিয়ে বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় দুজনই নিহত

চৌগাছা থানা।

যশোরের চৌগাছায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন প্রেমিক-প্রেমিকা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রেমিক ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। গুরুতর আহত প্রেমিকাকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

নিহতরা হলেন অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৮)। অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা যশোরের চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তারা প্রেমিক-প্রেমিকা ছিলেন।

পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা নম্বরবিহীন কালো রঙের ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলে চড়ে আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা।

পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, স্বজনদের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। দ্রুতগতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।