মাদারীপুরের কালকিনিতে তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের ব্যালকনি ও জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা, চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং একটি জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা জান্নাতুল হুসনা (৩৮) ছেলে-মেয়েদের পড়াশোনার সুবিধার্থে বর্তমানে পরিবারের সাথে ঢাকায় থাকেন। মাঝে মধ্যে তিনি নিজ বাড়িতে আসেন। গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২৮ আগস্ট সকাল ৯টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তার স্বামীর তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটের ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
এ সময় চোরেরা প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫ ভরি রুপার নুপুরসহ বিভিন্ন অলংকার নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল স্বর্ণের গলার হার, টিকলি, একাধিক আংটি, রুলি, লকেটসহ চেইন, কানের দুল, কানের পাশা, নাকফুল ও ব্রেসলেট।
ঘটনার পর কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত সন্দেহে মো. সুজন সরদার (৩৪)কে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন সরদার ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে চোরাই স্বর্ণ বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সাথে চুরি কাজে ব্যবহৃত দুটি সেলাই রেঞ্জ, হাতুড়ি, প্লাস, বিভিন্ন ধরনের রেঞ্জ ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
পরে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দোকানের মালিক এনামুল হক (৪৫)কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার কাছ থেকে একটি স্বর্ণের ছেঁড়া হার, এক জোড়া কানের দুল, একটি টিকলি, একটি ব্রেসলেট এবং একটি গলিত স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারিহা রফিক ভাবনা জানান, উদ্ধার করা স্বর্ণালঙ্কারগুলো চোরাই মালামালের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে চুরির সাথে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় কালকিনি থানায় রবিবার (৩০ আগস্ট) একটি মামলা করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

