সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের পদায়ন আদেশ আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) জারি করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে পাঠানো এক চিঠিতে পদায়ন আদেশ জারির এই নতুন তারিখ নিশ্চিত করা হয়েছে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী গত ১১ অক্টোবর পদায়ন আদেশ জারির কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছিল। ইতোমধ্যে অনেক জেলায় লটারির কাজ শেষ হয়েছে। বাকি জেলাগুলোতে শনিবার ও রবিবারের মধ্যে লটারির প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
দফতর সূত্রে জানা গেছে, একই দিনে লটারি ও পদায়ন আদেশ জারি সংক্রান্ত বাড়তি চাপ এড়াতেই বেশ কিছু জেলায় আগেভাগে লটারির আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। ফল প্রকাশের প্রায় আট মাস পর গত ২৪ সেপ্টেম্বর জেলাভিত্তিক নিয়োগের আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।


