যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মন্ত্রণালয়ের ভেতরে কিংবা বাইরে, যে-ই এ ঘটনায় জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। একই সাথে প্রশ্নফাঁসের ঘটনায় পরীক্ষার্থীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমিনুল হক। তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনা কীভাবে ঘটেছে, কারা এর সাথে জড়িত এবং এর পেছনে কোনো চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে একাধিক সংস্থা। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, আগামী ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আটটি ক্যাটাগরিতে ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেবেন। পাশাপাশি প্রকল্পভিত্তিক অনুদানও বিতরণ করা হবে।
তরুণদের অবদান ও নেতৃত্বের স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশ বাস্তবায়নে তরুণদের শক্তি ও নেতৃত্বকে কাজে লাগানোর বিকল্প নেই। সমাজের কল্যাণে অনেক তরুণ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্র তাদের মেধা ও কাজের স্বীকৃতি দেয় এই বার্তা পৌঁছে দিতেই এ পুরস্কারের আয়োজন করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, পুরস্কারের জন্য বিজয়ীদের স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনীত করা হয়েছে। প্রত্যেক বিজয়ী এক লাখ টাকার প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও রাষ্ট্রীয় সনদ পাবেন। এ ছাড়া সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের ৪৩২টি যুব সংগঠনের জন্য মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান চূড়ান্ত করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় মর্মাহত বলে জানান আমিনুল হক। পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কীভাবে প্রশ্নফাঁস হয়েছে, কারা এতে জড়িত এবং এর পেছনে কোন চক্র কাজ করেছে, তা অনুসন্ধানে সিআইডির ফরেনসিক টিম, ডিজিএফআই ও এনএসআই কাজ করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি রবিবার পর্যন্ত সময় চেয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তার ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে অন্যদের জন্যও যেন তা উদাহরণ হয়ে থাকে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রশ্নফাঁসের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার সতর্ক রয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, আগামী শুক্রবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে তিনি নিজেই সার্বিক কার্যক্রম তদারকি করছেন।


