খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থান ও ধারাবাহিক অভিযান চললেও থামছে না সন্ত্রাসী কর্মকাণ্ড। এর মধ্যেই এবার নগরীর আড়ংঘাটায় গুলিবিদ্ধ হয়েছেন ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৫৫) ও ভ্যানচালক খালেক শেখ (৬০)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আড়ংঘাটা থানার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ঘের ব্যবসায়ী সোলায়মানের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান ফকির ঘের ব্যবসার সাথে জড়িত। মঙ্গলবার রাতে ভ্যানচালক খালেক শেখ তাকে নিজের বাড়ির সামনে পৌঁছে দিতে যান। এ সময় হেলমেট পরা মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সোলায়মানের পা ও গলার কাছে ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টাও করা হয়ে থাকতে পারে বলে জানান তারা।
আহত খালেক শেখের ছেলে ওসমান শেখ বলেন, সোলায়মান ফকির তার আত্মীয়। তাকে ভ্যানে করে বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিলেন তার বাবা। পথিমধ্যে হেলমেট পরা মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাবা ও সোলায়মান দুজনই গুলিবিদ্ধ হন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, আহত ব্যক্তি একজন ঘের ব্যবসায়ী। রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার পায়ে, হাতে ও ঘাড়ে গুলির আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রশাসনের কঠোর অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলার মধ্যেও নগরীতে এমন প্রকাশ্যে গুলির ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে হেলমেট পরা মোটরসাইকেল আরোহীরা কীভাবে হামলা চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় হামলার কারণ, জড়িতদের পরিচয় এবং ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা বা ব্যবসায়িক বিরোধ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


