...|...|...

সারাদেশ

প্রধানমন্ত্রীর সফরে তিস্তা মহাপরিকল্পনার রোডম্যাপ চান নদীপাড়ের লাখো মানুষ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ১২:৪২
Shares
প্রধানমন্ত্রীর সফরে তিস্তা মহাপরিকল্পনার রোডম্যাপ চান নদীপাড়ের লাখো মানুষ

ছবি: টাইমস টুডে

আগামী ১৯ নভেম্বর তিস্তাপাড়ের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি লালমনিরহাট সদর উপজেলার মণ্ডলেরহাট এলাকায় একটি ‘মডেল খাল’ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নতুন করে আশায় বুক বেঁধেছেন তিস্তাপাড়ের লাখো মানুষ। তাদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

তিস্তা মহাপরিকল্পনা শুধু একটি নদী ব্যবস্থাপনা প্রকল্প নয় এর সাথে জড়িয়ে আছে রংপুর অঞ্চলের পাঁচ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার কৃষি, অর্থনীতি, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের ভবিষ্যৎ। নদীভাঙন, শুষ্ক মৌসুমে পানির সংকট, বন্যা এবং পলি-বালু জমে কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার মতো দীর্ঘদিনের সমস্যার সমাধানে এই মহাপরিকল্পনাকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন নদীপাড়ের মানুষ।

লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডার কৃষক কাসেম আলীর জীবনের গল্প তিস্তাপাড়ের হাজারো কৃষকের বাস্তবতার প্রতিচ্ছবি। তার ১৬ বিঘা আবাদি জমির পুরোটাই তিস্তা নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর বুকে চর জাগলে সেখানে কিছু জমিতে ফসল ফলানোর সুযোগ পান তিনি। কিন্তু সেচের পানির অভাবে অনেক সময় আশানুরূপ ফলন হয় না। শুষ্ক মৌসুমে তিস্তা প্রায় পানিশূন্য হয়ে পড়লে নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা দেয় ধু ধু বালুচর।

কাসেম আলীর আশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর বুক থেকে তার ১০ থেকে ১২ বিঘা জমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। সেখানে স্থায়ীভাবে চাষাবাদ করতে পারবেন তিনি। এতে শুধু তার পরিবারের জীবিকাই নিশ্চিত হবে না, ফিরে আসতে পারে হারানো কৃষিজমিও।

কাসেম আলী বলেন, আমরা কয়েক বছর ধরে শুধু শুনছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, নদী ফিরে পাবে তার হারানো অতীত। কিন্তু আজ পর্যন্ত এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। বিভিন্ন সময়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এবার আমাদের এলাকায় আসছেন। আমরা আশা করছি, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। এটাই তিস্তাপাড়ের মানুষের দাবি।

একই প্রত্যাশা লালমনিরহাট সদর উপজেলার চর কালমাটি এলাকার কৃষক আব্দুল গনির। তিস্তার ভাঙনে তার বসতভিটা ও ২১ বিঘা আবাদি জমি বালুচরে পরিণত হয়েছে। সবকিছু হারিয়ে এখন সমতল এলাকার এক আত্মীয়ের একখণ্ড জমিতে ঘর তুলে বসবাস করছেন তিনি। বালুচরে তেমন ফসলও ফলাতে পারেন না। কোথাও পলি জমে কিছুটা উর্বরতা ফিরে এলে সেখানে সামান্য চাষাবাদ করেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তার কিছু জমি পুনরুদ্ধার হতে পারে এমন স্বপ্ন দেখেন আব্দুল গনি। জীবনের শেষ সময়ে অন্তত নিজের জমিতে চাষাবাদ করে স্বস্তিতে দিন কাটানোর প্রত্যাশা তার। তবে কবে এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে, তা জানেন না তিনি। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস আর প্রতিশ্রুতিই শুনে আসছেন।

আব্দুল গনি বলেন, তিস্তাপাড়ের মানুষের কষ্ট সবাই বুঝতে পারেন না। যাঁদের বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে, তারাই শুধু এই বেদনা অনুভব করতে পারবেন। একসময় আমাদের পরিবার সচ্ছল ছিল। নদীভাঙনে সবকিছু হারিয়ে এখন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তিস্তা আমাদের সব কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের এলাকায় আসছেন। আমরা আশাবাদী। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এবার তিনি এর বাস্তবায়নে একটি রোডম্যাপ ঘোষণা করবেন এটাই আমাদের প্রত্যাশা।

এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন করে আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, এ সমীক্ষার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার একটি প্রস্তাব পাঠিয়েছে। মূল প্রকল্প বাস্তবায়নের আগে এর কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত যৌক্তিকতা বিস্তারিতভাবে মূল্যায়ন করাই এ সমীক্ষার উদ্দেশ্য।

প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের মাধ্যমে তিস্তা নদীর পানিপ্রবাহ ও জলবিদ্যাগত বৈশিষ্ট্য, নদীর গতিপ্রকৃতি ও গঠনগত পরিবর্তন, পরিবেশগত প্রভাব এবং আর্থসামাজিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা, প্রয়োজনীয় অবকাঠামো ও দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। শিগগিরই মাঠপর্যায়ে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

তবে দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসা সংগঠনগুলোর নেতারা বলছেন, নতুন সমীক্ষা বা আশ্বাসের মধ্যেই যেন উদ্যোগটি সীমাবদ্ধ না থাকে। তারা চান, সরকার দ্রুত প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়নের সময়সীমা ও প্রশাসনিক কাঠামো নির্ধারণ করে কার্যকর পদক্ষেপ নিক।

‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সংগঠনটি সরকারের কাছে ছয়টি প্রস্তাব দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) মহাপরিকল্পনার বাজেট অনুমোদন, দ্রুত বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণা, তিস্তা কর্তৃপক্ষ গঠন, তিস্তা বন্ড চালু, নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং তিস্তার সাথে যুক্ত ২২টি শাখা নদী পুনরুজ্জীবিত করা।

তিনি বলেন, ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন। আমরা আশায় বুক বেঁধেছি, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি রোডম্যাপ ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। তাদের সবার প্রত্যাশা, এবার যেন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের সুস্পষ্ট উদ্যোগের ঘোষণা আসে।

সংগঠনটির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে তিস্তাপাড়ের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন নদীপাড়ের মানুষ। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর থেকেই দীর্ঘদিনের অপেক্ষার অবসানের সূচনা হবে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রতিশ্রুতি শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চাই না, বাস্তবায়ন দেখতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, তিনি এবার মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। তা না হলে দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার পর তিস্তাপাড়ের মানুষের মধ্যে আবারও হতাশা তৈরি হবে।