ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মহিবুল্লাহ মুবিন নামে এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ২৯ বছর বয়সী মুবিনকে এর আগে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। তাঁর গাড়িবহর অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর মুবিন মোটরসাইকেল নিয়ে মোড় থেকে বাম পাশের লেনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে তেজগাঁও থানা পুলিশ তাকে মোটরসাইকেলসহ হেফাজতে নেয় এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।
রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, ঘটনাটি স্পর্শকাতর। তাঁর দাবি, দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে নাশকতার পরিকল্পনা নিয়ে মুবিন প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশের চেষ্টা করেছিলেন।
তবে আসামিপক্ষের আইনজীবী রবিউল আলম জুয়েল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মুবিন নির্দোষ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা ও ছবি তোলার উদ্দেশ্যেই আবেগের বশে তিনি সেখানে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁর কাছ থেকে কোনো অস্ত্রও পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
রিমান্ডের আদেশের পর আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়েন মুবিনের স্ত্রী ও ছেলে। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় মুবিন সাংবাদিকদের বলেন, তিনি শুধু ছবি তুলতে সেখানে গিয়েছিলেন।


