প্রতিরক্ষা গবেষণা, উন্নয়ন ও সামরিক প্রযুক্তিতে সহযোগিতা আরও শক্তিশালী করতে দুটি সমঝোতা স্মারক সই করেছে সৌদি আরব ও তুরস্ক।
আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় এ চুক্তি সই হয়।
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর ডিফেন্স ডেভেলপমেন্টের (জিএডিডি) সাথে তুরস্কের দুটি প্রতিষ্ঠান চুক্তিতে সই করেছে। প্রতিষ্ঠান দুটি হলো—তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ (এসএসবি) এবং সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিল অব তুরস্ক (টিইউবিআইটিএকে)।
দুই সমঝোতা স্মারকের লক্ষ্য প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক ব্যবস্থা নিয়ে গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের ক্ষেত্রে সৌদি আরব ও তুরস্কের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করা।
টিইউবিআইটিএকের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার প্রতিফলন।


