...|...|...

বিশ্ব

প্রতিদিন ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, বিকেল ৪:২২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১:৩৯
Shares
প্রতিদিন ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী

ছবি: সংগৃহীত

ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিয়ের বলেছেন যে, ইসরায়েলি বাহিনীর উচিত গাজায় প্রতি রাতে ‘৩০ থেকে ৪০ জন’ মানুষকে হত্যা করা এবং কেবল ‘সেই মুহূর্তে যারা বিপদের কারণ হয়’ তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর চেয়েও অনেক দূরে যাওয়া।

রবিবার (১৬ আগস্ট) প্রকাশিত এবং ফিলিস্তিনি গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি পডকাস্ট পর্বে গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালে হামাসদের হাতে জিম্মি থাকা রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন বেন-গভিয়ের। খবর আল জাজিরার। 

তিনি বলেন, “সেখানে এমন কিছু মানুষ আছে যারা বাঁচার যোগ্য নয়। তাদের বেঁচে থাকা উচিত নয়। তারা মানুষও নয়।” 

ফিলিস্তিনিদের টার্গেট করে হত্যার আহ্বান জানিয়ে এই মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের এই মন্ত্রীর চরমপন্থী বক্তব্যের দীর্ঘ রেকর্ড রয়েছে। ইসরায়েলি পুলিশ ও প্রিজন সার্ভিসের নিয়ন্ত্রণকারী বেন-গভিয়ের আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দেশটিতে নিজের প্রভাব আরও জোরদার করছেন।

পডকাস্টে বেন-গভিয়ের ব্রাসলাভস্কিকে জানান যে, বর্তমান “যুদ্ধবিরতির” আওতায় গাজায় সামরিক হামলা কমিয়ে আনার নেতানিয়াহুর সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। এর পরিবর্তে তিনি এমন নতুন লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের পক্ষে যুক্তি দেন, যা কেবল সক্রিয় হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। 

উল্লেখ্য, সামরিক বাহিনীর ওপর তার কোনো আনুষ্ঠানিক কর্তৃত্ব নেই এবং তিনি নিজে কোনো হামলার নির্দেশ দিতে পারেন না, তবে তিনি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য—যা যুদ্ধ ও নিরাপত্তা নীতি নির্ধারণে সহায়তা করে থাকে।

এছাড়া সামরিক আদালতে ইসরায়েলিদের ওপর প্রাণঘাতী হামলার দায়ে দণ্ডিত ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের সদ্য প্রণীত মৃত্যুদণ্ড আইনের আওতায় ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ব্রাসলাভস্কিকে ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন বেন-গভিয়ের। 

ব্রাসলাভস্কি মন্ত্রীকে বলেন, “আমার একটি ব্যক্তিগত অনুরোধ আছে, আমি আক্ষরিক অর্থেই আপনার চোখে চোখ রেখে বলছি মন্ত্রী মহাশয়, আমাকেই তাদের ফাঁসি দেওয়ার সুযোগ দিন।” 

তিনি আরও যোগ করেন, “আমি দড়ি চাই না, আমি বন্দুকের একটি বাটন চাই। আমার নিজের হাতে আমি ইসরায়েল রাষ্ট্রের প্রতিটি সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দেব।” 

এর জবাবে বেন-গভিয়ের বলেন, “তা করার জন্য আমি দুনিয়া উল্টে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি, এটা না হওয়া পর্যন্ত আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব এবং বিশ্বকে উল্টে দেব।”

আলোচনায় বেন-গভিয়ের ফিলিস্তিনিদের স্থায়ীভাবে গাজা ছেড়ে চলে যেতে উৎসাহিত করার পাশাপাশি ওই ভূখণ্ডে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের আহ্বান জানান। 

তিনি ব্রাসলাভস্কিকে বলেন যে তিনি “পুরো গাজাকে আমাদের নিজেদের বলে মনে করেন”—একটি মন্তব্য যা তিনি এর আগেও বহুবার পুনরাবৃত্তি করেছেন। আন্তর্জাতিক আইনজীবীরা সতর্ক করে বলেছেন যে এই ধরনের ব্যাপক, জোরপূর্বক বা পরিকল্পিত প্রবাসন বা দেশত্যাগ জাতিগত নিধনের শামিল হতে পারে।