দীর্ঘ বিরতির পর অভিনেতা জিৎ বড় পর্দায় ফিরছেন তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ নিয়ে। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
তবে মুক্তির আগেই সিনেমার প্রচারণা ঘিরে জিতের একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তার এই বক্তব্যে অসন্তুষ্ট হয়েছেন অভিনেতা দেবের একাংশ ভক্ত।
হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটিরও মুক্তির তারিখ ছিল একই দিন, অর্থাৎ ১৪ আগস্ট। তবে পরবর্তীতে সেই সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয়, ফলে একই দিনে দুই তারকার সিনেমার মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আর থাকছে না।
সম্প্রতি নিজের সিনেমার প্রচারণার সময় দেওয়া এক সাক্ষাৎকারে দেবের মার্কেটিং কৌশল নিয়ে কথা বলেন জিৎ। তিনি জানান, দেব যেভাবে বিভিন্ন জায়গায় সশরীরে গিয়ে নিজের সিনেমার প্রচার চালান, সেই পদ্ধতি তার ভালো লাগে এবং এক্ষেত্রে দেবের বিশেষ কিছু দক্ষতা রয়েছে বলেও তিনি স্বীকার করেন।
কিন্তু নিজে একই পথে হাঁটতে আগ্রহী নন বলে স্পষ্ট জানিয়ে দেন জিৎ। তার ভাষায়, সব জায়গায় গিয়ে নিজের সিনেমার প্রচারণা চালাতে হবে -এমন ধারণায় তিনি বিশ্বাসী নন, বরং এর প্রয়োজনীয়তাও অনুভব করেন না তিনি।
জিতের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন দেবের ভক্তরা। কেউ কেউ দেবের পরিশ্রমী প্রচারণার প্রশংসা করে জিতের বক্তব্যের কড়া সমালোচনা করেন, আবার কেউ কেউ জিতের সাম্প্রতিক সিনেমাগুলোর ব্যবসায়িক ফলাফল টেনে এনে তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। এভাবে দুই তারকার ভক্তদের মধ্যে অনলাইনে চলতে থাকে পাল্টাপাল্টি মন্তব্য ও প্রতিক্রিয়ার ঝড়।
উল্লেখ্য, "কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত" সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে চট্টগ্রামের কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংকে কেন্দ্র করে।
১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। জীবনের নানা ঘটনাপ্রবাহের কারণে সমাজের একাংশ তাকে বিপ্লবী হিসেবে সম্মান জানালেও, অন্য অংশ তাকে ডাকাত বলে অভিহিত করেছিল -এই দ্বৈত পরিচয় থেকেই উঠে এসেছে সিনেমার নাম।
সিনেমায় অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ নিজে, এবং পুরো সিনেমা জুড়ে তাকে দেখা যাবে নয়টি ভিন্ন ভিন্ন লুকে।
সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক পথিকৃৎ বসু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত এবং চন্দন সেন।

