...|...|...

আইন ও আদালত

পুলিশ গ্রেফতার না করলে আমিই আত্মসমর্পণ করব: লতিফ সিদ্দিকী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, বিকেল ৫:২১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০৫
Shares
পুলিশ গ্রেফতার না করলে আমিই আত্মসমর্পণ করব: লতিফ সিদ্দিকী

ছবি: সংগৃহীত

শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার না হলে আগামী সপ্তাহে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।

বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন তিনি।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে আবদুল লতিফ সিদ্দিকী জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি হিসেবে রয়েছেন। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন।

তিনি বলেন, ‘আমি জানি, আজ যদি আমি না আসি, তাহলে মনে করা হবে আমি আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সব সময় আত্মপ্রকাশ করতে চাই। সে কারণেই আজ আদালতে এসেছি। এখন পুলিশ যদি আমাকে গ্রেফতার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব।’