বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল ও চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ নিয়োগের সব প্রশাসনিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। ফলে যেকোনো সময় এই বড় পরিসরের নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে পুলিশ।
নতুন করে ১৪ হাজার সদস্য নিয়োগের এই সিদ্ধান্তে চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে এবার চার হাজার এসআই পদের সবগুলোতেই সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে।
আগে এসআই পদের অর্ধেক সরাসরি নিয়োগ এবং বাকি অর্ধেক বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
নিয়োগের সর্বশেষ অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বলেন, পুলিশের বড় নিয়োগের প্রক্রিয়া শুরু হতে এখন আর কোনো বাধা নেই। সব প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়ে যাওয়ায় পুলিশ যেকোনো সময় নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।
ছয় হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
কনস্টেবল নিয়োগের চলমান বিজ্ঞপ্তি প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, এই বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছেন।
তিনি জানান, পুলিশে বর্তমানে দুই হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। এর বাইরে নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন মিলেছে। চলমান প্রক্রিয়ার মাধ্যমে শূন্য দুই হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত পদ থেকে আরও চার হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী, চলমান বিজ্ঞপ্তিতে মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হতে পারে। বাকি ছয় হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে পূরণ করা হবে।
এর আগে গত ৯ অক্টোবর কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়, তবে ওই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ ছিল না। পদসংখ্যা ছয় হাজার হলে আগের তুলনায় এবার প্রতিদ্বন্দ্বিতা কমবে। গত এপ্রিলের বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে ১ লাখ ২৬ হাজার আবেদন জমা পড়েছিল, যেখানে প্রতি পদের বিপরীতে প্রতিযোগী ছিলেন ৪৭ জন। এবার ছয় হাজার পদে ১ লাখ ২ হাজার ৬৯৪টি আবেদন ধরলে প্রতি পদের বিপরীতে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৭ জন।
বাছাই প্রক্রিয়া ও দায়িত্ব
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। অন্যদিকে এসআই পদে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং দৌড়সহ শারীরিক সক্ষমতা পরীক্ষার পর লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা যাচাই এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। উভয় ক্ষেত্রেই মেধা ও যোগ্যতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রার্থী যাচাই করা হবে এবং ভুয়া তথ্য দিলে প্রার্থিতা বাতিল করা হবে।
মাঠপর্যায়ে এসআইরা সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ, মামলা তদন্ত, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তামূলক কাজে সরাসরি যুক্ত থাকেন।
বেতন ও সুযোগ-সুবিধা
জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই পদটি ১০ম গ্রেডের এবং কনস্টেবল পদটি ১৭তম গ্রেডের অন্তর্ভুক্ত। এসআই পদে প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা এবং কনস্টেবল পদে ২১ হাজার ৪০০ টাকা। উভয় পদের বেতনই স্কেল অনুযায়ী পর্যায়ক্রমে বৃদ্ধি পায়।
মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী এলাকাভেদে বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতা পাওয়া যায়। এ ছাড়া সরকারি খরচে পোশাক, নিজ ও পরিবারের জন্য স্বল্পমূল্যে রেশন, উন্নত চিকিৎসাসেবা এবং প্রশিক্ষণকালে নির্ধারিত ভাতা ও আবাসন সুবিধা রয়েছে। যোগ্যতা অনুযায়ী এসআই থেকে পরিদর্শক এবং কনস্টেবল থেকে এএসআই ও পরবর্তী উচ্চতর পদে পদোন্নতির সুযোগও রয়েছে।

