চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের ওপর হামলার পর হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আবু ছিদ্দিক দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।
পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার এসআই মোল্ল্যা আরিফুল ইসলাম রাত্রিকালীন মোবাইল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের সর্বজনীন শ্রী দুর্গা মন্দিরের সামনে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে এমন খবর আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. আবু ছিদ্দিককে আটক করে। তাকে থানায় নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর হামলা চালান।
এ সময় সরকারি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলের হেডলাইট ও লুকিং গ্লাস ভাঙচুর করা হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে পুলিশের হেফাজতে থাকা আবু সিদ্দীককে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও দর্শনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার অন্যরা হলেন লক্ষণ (৩৮), ফিরোজ হোসেন (১৯), ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০), কণা রাণী (২৫), নাছিমা বেগম (৪০), আলম বাদশা (৫৫) ও ফুলন হালদার (৩২)। তাদের সবাই দর্শনা থানার চণ্ডীপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আমরা তাৎক্ষণিক অভিযান শুরু করি। পৃথক অভিযানে আটজনকে গ্রেফতারের পর ছিনিয়ে নেওয়া আসামি আবু ছিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে গ্রেফতার ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে।


