রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে অবিকল ও অবিস্ফোরিত অবস্থায় এগুলো উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করতে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনার জের ধরে মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে চারজনকে আটক করে পুলিশ।
সাম্প্রতিক সময়ে রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকার প্রবেশপথসহ পুরো রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান ও নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


