...|...|...

রাজনীতি

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, জামায়াতের শোক প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ৯:৪১
Shares
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, জামায়াতের শোক প্রকাশ

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

পাবনার সদর উপজেলায় বজ্রপাতে ছয় কিশোর ও তরুণের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দলটি।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুরের সোনাপাতিল বিলে বৃষ্টির সময় বজ্রপাতে ছয় কিশোর ও তরুণের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাদের শহিদ হিসেবে কবুল করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করেন। পাশাপাশি বজ্রপাতে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান কয়েকজন কিশোর ও তরুণ। এ সময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি জেলেদের ছাউনিতে আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।