...|...|...

বিশ্ব

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ২৮, আহত ১৯

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩২
Shares
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ২৮, আহত ১৯

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থী ও এক নারী শিক্ষকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। বৃহস্পতিবার সকালে আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’কে জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আল খায়ের স্কুলের ছাদ ধসে পড়ার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সামিউল্লাহ নামের এক অভিভাবক। তিনি ‘ডন’কে জানান, আট বছরের কম বয়সী তিন শিশুকে উদ্ধার করেছেন। তাঁর ছয় সন্তান ওই স্কুলে পড়ে। তাঁর ছেলে পানি খেতে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যায়।

খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি এ ঘটনায় শোক প্রকাশ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি।

প্রাদেশিক পুলিশপ্রধান জুলফিকার হামিদ উদ্ধার অভিযান তদারকি এবং অ্যাম্বুলেন্স চলাচল নির্বিঘ্ন রাখতে ‘গ্রিন করিডোর’ তৈরির নির্দেশ দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে শোক প্রকাশের কথা জানান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, শিশুদের প্রাণহানি পুরো দেশের জন্যই এক ট্র্যাজেডি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে স্কুলের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।