...|...|...

খেলা

পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি কেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২০
Shares
পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি কেন

ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি। ছবি: সংগৃহীত

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সবুজের পরিবর্তে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান। বিশ্বব্যাপী অক্টোবর মাসে পালিত স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচি ‘পিংকটোবার’-এর অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করা, নিয়মিত পরীক্ষা করানো এবং সময়মতো চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরতে এই বিশেষ আয়োজন করা হয়েছে। পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে।

পাকিস্তান দলের পাশাপাশি এ উদ্যোগে যুক্ত হয়েছেন ইংল্যান্ড দলের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকাররা। স্তন ক্যানসারে আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রতি সমর্থন জানাতে তারা গোলাপি ফিতা পরেছেন। ম্যাচের স্টাম্পেও ব্যবহার করা হয়েছে গোলাপি রং। পাশাপাশি স্টেডিয়ামে সচেতনতামূলক গ্রাফিকস প্রদর্শন এবং ডিজিটাল মাধ্যমেও প্রচারণা চালানো হয়েছে।

পিসিবির বাণিজ্যিক বিভাগের পরিচালক আলী আদনান জাইদি বলেন, ক্রিকেট লাখো মানুষের কাছে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার সম্পর্কে অর্থবহ সচেতনতা তৈরি এবং মানুষের অংশগ্রহণ বাড়াতে চায় বোর্ড।

ক্রিকেটে স্তন ক্যানসার সচেতনতার জন্য গোলাপি রং ব্যবহারের নজির অবশ্য আগেও রয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রতিবছর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আয়োজন করে ‘পিংক ডে’ ওয়ানডে। ওই ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নামে স্বাগতিক দল।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সাম্প্রতিক বছরগুলোর পিংক ডে ম্যাচগুলোও আলোচনায় এসেছে। ২০২৪ সালের ম্যাচে ৩৬ রানে জয় পেয়েছিল পাকিস্তান। এর আগে ২০২১ সালের ম্যাচে ফখর জামানের ১৯৩ রানের দুর্দান্ত ইনিংসের পরও ১৭ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজেও একই ধরনের গোলাপি দিবসের আয়োজন করেছিল পাকিস্তান।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় ক্যানসার সচেতনতা ও আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় আয়োজন করা হয় ‘পিংক টেস্ট’। দেশটির গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুমে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে সাবেক অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাকগ্রা ও তার স্ত্রী জেন ম্যাকগ্রার প্রতিষ্ঠিত ম্যাকগ্রা ফাউন্ডেশনের কার্যক্রমে সমর্থন জানানো হয়। সংস্থাটি ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের সেবায় কাজ করে।