রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাকিস্তানি হাইকমিশনারকে সালাম পৌঁছে দেন। একইসাথে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
সম্প্রতি ঢাকায় পাকিস্তানি হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী আহত হন। বর্তমানে তারা রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সাক্ষাতের সময় গোলাম পরওয়ার হাইকমিশনারের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার আরোগ্যের জন্য দোয়া করেন। এ সময় চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়ায় জামায়াতে ইসলামীর আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমরান হায়দার।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপিসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং দলটির মিডিয়া বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


