...|...|...

বিশ্ব

ফাঁস স্পর্শকাতর তথ্য

পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে ভারতীয় নৌবাহিনীর বাঙালি নাবিক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০১ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৫
Shares
পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে ভারতীয় নৌবাহিনীর বাঙালি নাবিক

ছবি: এআই র্নিমিত

পাকিস্তানি এক নারী গোয়েন্দা এজেন্টের ‘হানিট্র্যাপের’ শিকার হয়েছেন ভারতীয় নৌবাহিনীর নাবিক। এতে দেশটির সামুদ্রিক গোয়েন্দা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে ৩১ বছর বয়সী এক নাবিককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত শনিবার (৩ অক্টোবর) অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল কোয়েম্বাটোরে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘আইএনএস অগ্রণী’ থেকে ওই নাবিককে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া নাবিক পশ্চিমবঙ্গের বাসিন্দা মুখার্জি। গ্রেফতারের সময় তিনি আইএনএস অগ্রণীতে একটি ‘ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্স’-এ অংশ নিচ্ছিলেন এবং প্রায় এক সপ্তাহ ধরে সেখানে অবস্থান করছিলেন।

মুখার্জি ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমে অবস্থিত ‘ইস্টার্ন নেভাল কমান্ড’-এ কর্মরত ছিলেন।

তদন্তকারীদের দাবি, কয়েক মাস আগে পাকিস্তানের এক নারী গোয়েন্দা এজেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুখার্জির সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যে অনলাইন সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, সেই সম্পর্কের সুযোগ নিয়েই ভারতীয় নৌবাহিনীর কৌশলগত সম্পদ, নৌবহরের গতিবিধি এবং বিশাখাপত্তনম ঘাঁটির কার্যক্রম সংক্রান্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হয়।

সিআই সেল জানায়, সীমান্ত-পার গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত হুমকির তদন্তের অংশ হিসেবে মুখার্জির সন্দেহজনক ডিজিটাল কার্যকলাপ শনাক্ত করা হয়। এরপর তাঁর ওপর নজরদারি শুরু করা হয় এবং তদন্তের ধারাবাহিকতায় তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগেও বহু ভারতীয় সামরিক বাহিনীর সদস্য ‘হানি ট্র্যাপের’ স্বীকার হয়েছে।  ফলে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বেড়েছেই চলেছে।