নিজের কণ্ঠ ও সুরে পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী সিকদার বাসুদেব। অ্যালবামের সব গানের সংগীতায়োজন করেছেন রুদ্র, আর রেকর্ডিং হয়েছে স্টুডিও শুরুরংয়ে। আগামী নভেম্বরে অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে।
অ্যালবামে মোট পাঁচটি গান থাকছে। এর মধ্যে ‘বেদনা কুড়াই’, ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’ এবং ‘তোমার জন্য গাথিবো মালা’- এই তিনটি গান নিজেই লিখেছেন সিকদার বাসুদেব। অন্য দুটি গানের মধ্যে ‘বসন্ত চলে যায়’ লিখেছেন জয়দ্রত বিশ্বাস এবং ‘তুমি যাবে কোথায় আমাকে ছাড়া’ লিখেছেন মাহমুদ।
অ্যালবামের প্রথম প্রকাশিত হতে যাওয়া গান ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’-এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে বাগেরহাটের বিভিন্ন লোকেশনে। এতে সিকদার বাসুদেবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মার্সিয়া শাওন।
ভিডিওটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন তানভীর শাহজাদ এবং সিনেমাটোগ্রাফি করেছেন আকাশ সরকার। বর্তমানে ভিডিওটির সম্পাদনার কাজ চলছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী নভেম্বরে এটি প্রকাশ করা হবে।
শৈশব থেকেই সংগীতের সঙ্গে পথচলা সিকদার বাসুদেবের। তিনি ছায়ানট সংগীত বিদ্যায়তনে তিন বছর সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়জীবনে ‘আনন্দনগর’ ব্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘দ্যুলোক’।
এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর সঙ্গেও অতিথি শিল্পী হিসেবে বিভিন্ন মঞ্চে পারফর্ম করেছেন তিনি।
সিকদার বাসুদেব স্টুডিও শুরুরংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। নিজের ইউটিউব চ্যানেল ‘Sikder Bashudeb O Dyulok’ এবং ‘Ges Studio Shurung’ প্ল্যাটফর্মে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি।
সংগীতচর্চার পাশাপাশি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ডিং বিভাগে কর্মরত তিনি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত সংগীত পরিচালক ও সুরকার হিসেবেও কাজ করছেন।
নিজের প্রথম অ্যালবামকে সংগীতজীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন সিকদার বাসুদেব। তার পরিকল্পনা, প্রথম মিউজিক ভিডিও প্রকাশের পর পর্যায়ক্রমে অ্যালবামের বাকি গানগুলোও শ্রোতাদের সামনে নিয়ে আসবেন।


