মামলায় জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় চিত্রনায়িকা পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সাথে ধাক্কাধাক্কির ঘটনায় এক বিচারপ্রার্থীর মাথা ফেটেছে। এ সময় গণমাধ্যমকর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহত হয়েছেন জাগো নিউজের দুই প্রতিবেদকও। তাদের একজনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত বিচারপ্রার্থীকে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়। এ সময় তার সাথে থাকা বড় ভাই মাথায় ব্যান্ডেজ পরিয়ে দিচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আগে চিকিৎসা করিয়ে পরে জানাব।’
ঘটনার কারণ জানতে ও সংবাদ সংগ্রহ করতে গেলে নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান এবং মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার।
আশিকুজ্জামানের পিঠে গুরুতর আঘাত লাগে। কাউছারের কাঁধ ও হাতে আঘাতের ঘটনা ঘটে। এ সময় আশিকুজ্জামানের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। তিনি বর্তমানে আদালতের পাশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় অন্য গণমাধ্যমকর্মীরাও নিরাপত্তাকর্মীদের আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সমকালের প্রতিবেদক রবিউল হোসেন অভিযোগ করেছেন, পরীমণি তার মোবাইল ফোন কেড়ে নিয়েছেন।
অন্যদিকে আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন অভিযোগ করেছেন, পরীমনি তার হাতে খামচি দিয়েছেন।
ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা জানিয়েছেন।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে শুনানি শেষে জামিন পান তিনি। এদিন সকালে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালতে আসেন পরীমনি।


