...|...|...

সারাদেশ

পরিবার থেকে বিয়ের স্বীকৃতি না মেলায় প্রেমিক যুগলের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫০
Shares
পরিবার থেকে বিয়ের স্বীকৃতি না মেলায় প্রেমিক যুগলের মৃত্যু

পরিবার থেকে বিয়ের স্বীকৃতি না মেলায় প্রেমিক যুগলের মৃত্যু। ছবি: টাইমস টুডে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নববধূ তানিশা বেগমের মৃত্যুর একদিনের মাথায় মারা গেছেন তার স্বামী মো. আলামিন।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাড়ে এগারোটার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিয়ের দুই দিনের মাথায় নবদম্পতির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকার আজাদুল ইসলামের ছেলে আলামিনের সাথে একই উপজেলার বাংলাবাজার এলাকার তানিশা বেগমের মোবাইল ফোনে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছরের সম্পর্কের পর গত ১২ অক্টোবর পরিবারের অমতে তারা বিয়ে করেন। কিন্তু উভয় পরিবারই এ বিয়ে মেনে নেয়নি।

পারিবারিক অসম্মতি ও স্বজনদের অসন্তোষের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তারা। একপর্যায়ে দুজন একসাথে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তানিশা। আশঙ্কাজনক অবস্থায় আলামিনকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে ভর্তি করিয়ে স্বজনেরা চলে যান বলে অভিযোগ উঠেছে। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোদা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।