...|...|...

জাতীয়

পরিচয় আড়াল রাখতে জানালার কাছেও যেতেন না সাঈদ খোকন, স্বজনরা জানতেন সৌদি আরবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১১:৪৪
Shares
পরিচয় আড়াল রাখতে জানালার কাছেও যেতেন না সাঈদ খোকন, স্বজনরা জানতেন সৌদি আরবে

আত্মগোপন থেকে গ্রেফতার হওয়া সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

দুই বছরেরও বেশি সময় ধরে আত্মগোপনে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন। স্বজনদের কেউ কেউ জানতেন, তিনি সৌদি আরবে আছেন।

অথচ রাজধানীর বারিধারার একটি অভিজাত ভবনেই গোপনে অবস্থান করছিলেন তিনি। চুল-দাড়ি বড় করে চেহারায় পরিবর্তন আনা, বাইরে বের না হওয়া এবং অন্যের মাধ্যমে খাবার সংগ্রহের মতো কৌশলে নিজেকে আড়ালে রেখেছিলেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

জুলাই আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারের পর সাঈদ খোকনের অবস্থান, তার সাথে কারা যোগাযোগ রাখতেন এবং কীভাবে এত দিন তিনি গোয়েন্দাদের নজর এড়িয়ে ছিলেন, সেসব বিষয় সামনে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, বারিধারার ওই ভবনে অবস্থান করলেও বাইরে বের হওয়া কিংবা জানালার কাছে যাওয়ার মতো কাজ এড়িয়ে চলতেন তিনি। নিজের পরিচয় আড়াল করতে চুল ও দাড়িও বড় করেছিলেন।

সাঈদ খোকন থাকতেন দ্বিতীয় তলায়

সাঈদ খোকনকে যে ভবন থেকে গ্রেফতার করা হয়েছে, সেটি নয়তলা বিশিষ্ট একটি অভিজাত ভবন। ভবনের একতলায় থাকেন তার অসুস্থ মা ফাতেমা খাতুন। অষ্টম তলায় থাকেন বোন শাহানা হানিফ ও তার স্বামী জাবেদ আহমেদ।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, বোনের ফ্ল্যাটকে কেন্দ্র করে ওই ভবনে অবস্থান করছিলেন সাঈদ খোকন। তার থাকার জায়গা ছিল ভবনের দ্বিতীয় তলায়। মায়ের অসুস্থতার বিষয়টি সামনে রেখে পরিবারের সদস্যদের কাছাকাছি থেকেও কীভাবে নিজের অবস্থান গোপন রেখেছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ভবনের নিরাপত্তাকর্মীদের ভাষ্য, সাঈদ খোকন কবে ওই বাড়িতে এসেছেন, তা তারা জানেন না। এমনকি তাকে বাইরে বের হতেও দেখেননি। নিরাপত্তাকর্মী মো. রুহুল জানান, ভবনের একতলায় সাঈদ খোকনের মা থাকেন। তিনি অসুস্থ ও অনেকটা শয্যাশায়ী। একজন গৃহকর্মী তার দেখাশোনা করেন। অষ্টম তলায় থাকেন সাঈদ খোকনের বোন ও বোনের স্বামী।

খাবার আনতে হতো অন্যদের, নিজে বের হতেন না

আত্মগোপনে থাকার সময় খাবার সংগ্রহের ক্ষেত্রেও নিজেকে আড়ালে রাখতেন সাঈদ খোকন। একাধিক সূত্রের দাবি, গত দুদিন সন্ধ্যার পর ওই বাড়িতে খাবারের পার্সেল পৌঁছেছে। গত সোমবার সন্ধ্যা ৭টা ও রাত ১০টার দিকে দুই দফায় খাবার সরবরাহ করা হয়।

পার্সেল সংগ্রহের জন্য নিচে নেমে আসতেন অষ্টম তলার গৃহকর্মী। খাবারের দাম দেওয়া হতো নগদ টাকায়। এসব পার্সেলের খাবারই খেতেন সাঈদ খোকন। তিনি নিজে কখনো খাবার নিতে নিচে নামতেন না। এমনকি জানালার কাছেও যেতেন না বলে জানিয়েছে সূত্রগুলো।

তবে দীর্ঘদিন ধরে খাবার সরবরাহের ব্যবস্থা কে করতেন, কে খাবার অর্ডার দিতেন কিংবা সরবরাহকারীরা কার জন্য খাবার নিয়ে যাচ্ছেন, তা জানতেন কি না—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, এসব তথ্য পাওয়া গেলে সাঈদ খোকনের আত্মগোপনে কারা সহযোগিতা করেছেন, সে বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।

পুলিশ কর্মকর্তার বডিগার্ড পরিচয়ে বাসায় যাতায়াত

ওই ভবনে সন্দেহজনক ব্যক্তিদের যাতায়াতের বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। বাড়িটির এক গাড়িচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, দুদিন আগে এক ব্যক্তি নিজেকে একজন পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে সেখানে যান।

ওই ব্যক্তি বাসা থেকে বের হয়ে অন্যদের জানান, তার স্যার জাবেদ আহমেদের বন্ধু। ওই পুলিশ সুপারের মায়ের দেখাশোনার জন্য একজন গৃহকর্মী প্রয়োজন। এ বিষয়ে কথা বলতেই তিনি এসেছেন বলে দাবি করেন।

তবে ব্যক্তিটির প্রকৃত পরিচয় কী, কার নির্দেশে তিনি সেখানে গিয়েছিলেন কিংবা সাঈদ খোকনের সাথে তার কোনো যোগাযোগ ছিল কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। উত্তরা থেকে এসে বারিধারার ওই বাসায় গৃহকর্মী খোঁজার বিষয়টিও গাড়িচালকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তার ধারণা, গৃহকর্মী নিয়োগের কথা বলে ওই ব্যক্তি অন্য কোনো উদ্দেশ্যে সেখানে গিয়ে থাকতে পারেন।

সাঈদ খোকনের সাথে পরিবারের বাইরের আর কারা যোগাযোগ রাখতেন, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী কিংবা প্রশাসনের কোনো কর্মকর্তা ওই বাসায় যাতায়াত করতেন কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা।

স্বজনদের ধারণা ছিল সৌদি আরবে

সাঈদ খোকনের অবস্থান নিয়ে তার স্বজনদের মধ্যেও অস্পষ্টতা ছিল বলে জানা গেছে। গ্রেফতারের পর ওই বাড়িতে স্বজন পরিচয়ে কয়েকজন আসেন। তারা জানান, তাদের ধারণা ছিল সাঈদ খোকন সৌদি আরবে অবস্থান করছেন।

তাহলে পরিবারের সদস্যদের একটি অংশ কি তার অবস্থান সম্পর্কে সত্যিই কিছু জানতেন না, নাকি তাকে আড়ালে রাখতেই সৌদি আরবে থাকার কথা বলা হয়েছিল—এমন প্রশ্ন উঠেছে।

গোয়েন্দারাও এখনো নিশ্চিত হতে পারেননি, সাঈদ খোকন পুরো সময় বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন, নাকি সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে ঢাকায় ফিরেছেন। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে তিনি দেশে ফিরেছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় আসতে পারে।

ডিসেম্বর ঘিরে কী পরিকল্পনা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা

দীর্ঘদিন আত্মগোপনে থাকা, বারিধারার ভবনে গোপনে অবস্থান, খাবার সংগ্রহের বিশেষ ব্যবস্থা, চেহারায় পরিবর্তন এবং সন্দেহজনক ব্যক্তিদের যাতায়াত—সব মিলিয়ে সাঈদ খোকনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তদন্তকারীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

বিশেষ করে ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

তবে সাঈদ খোকন এত দিন দেশেই আত্মগোপনে ছিলেন, নাকি ডিসেম্বরকে কেন্দ্র করে বিদেশ থেকে সম্প্রতি ঢাকায় ফিরেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি গোয়েন্দারা।