...|...|...

জাতীয়

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৩৮
Shares
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত‍্যাগ করেছেন। তিনি সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। তার শপথ গ্রহণে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি।’

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে ‘আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা, নারী শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা পুনর্বাসন’ বিষয়ক আন্তপ্রাতিষ্ঠানিক সহযোগিতার জন‍্য সমঝোতার স্মারক (এমওইউ) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে এ সমঝোতা স্বারক হয়।

একই দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবকে ‘ক্যাজুয়াল’ ও ‘ইনফরমাল’ হিসেবে উল্লেখ করে বিষয়টি খুব বেশি গুরুত্ব দিয়ে না দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের বর্তমান অবস্থা ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয়।

জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি কিছুটা অনানুষ্ঠানিকভাবে বলেছেন। নাগরিকত্বের বিষয়ে জানতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই প্রশ্ন করা সবচেয়ে ভালো।

তিনি বলেন, ‘আমি এটা বলি যে উনি একটু ইনফরমালি কথা বলছিলেন। আর এই জবাবটা আমার মনে হয় তাকে, তাকেই তো জিজ্ঞেস করা হয়েছে? তার কাছে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভালো অপশন।’

তবে প্রয়োজন হলে সরকার বিষয়টি খতিয়ে দেখে পরিষ্কার করতে পারে।

ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যার প্রয়োজন হলে সরকার বিষয়টি খোঁজ নিয়ে দেখতে পারে। তবে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের ধরন ও প্রেক্ষাপট বিবেচনা করেই বিষয়টি দেখা উচিত।

তিনি বলেন, ‘আপনারা যদি বক্তব্যটা পড়েন একরকম, আর বক্তব্যটা যদি দেখেন, তাহলে দেখবেন যে উনি একটু ক্যাজুয়ালি, ইনফরমালি কথা বলছিলেন। এটাকে খুব সিরিয়াসলি না নেওয়াটাই উচিত হবে।’

এর আগে সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাগরিকত্ব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি।’

এ সময় একটি সংবাদমাধ্যমের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা যে মানে কাজ করতে দেবে না, হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮ এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর তার নাগরিকত্বের বিষয়টি নিয়ে রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে আলোচনা শুরু হয়। এর মধ্যেই আইনমন্ত্রী বলেছেন সংবিধান অনুযায়ী তার শপথ গ্রহণে কোনো ব্যত্যয় হয়নি।