কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতু দিয়ে ৭ হাজার ৩৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৯০ লাখ ১২ হাজার ১০০ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত টোল আদায়ের এ হিসাব পাওয়া গেছে। সরকারি বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।
বিবৃতির তথ্য অনুযায়ী, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৫৩ লাখ ২৯ হাজার ৮০০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৩ হাজার ৩০১টি যানবাহন। এ প্রান্তে টোল আদায়ের পরিমাণ ৩৬ লাখ ৮২ হাজার ৩০০ টাকা।
সরকারি বিবৃতিতে আরও জানানো হয়, রবিবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় অবরোধের কারণে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা যৌথভাবে কাজ করেন।
যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি এড়াতে শরীয়তপুর জেলা পুলিশের সুপারিশে মাওয়া প্রান্ত থেকে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। ভোর ৬টা ৪০ মিনিট থেকে সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সকাল ৭টা ২০ মিনিট থেকে সেতুর উভয় প্রান্তে পুনরায় যান চলাচল শুরু হয়। এরপর থেকে স্বাভাবিকভাবেই সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে পদ্মা সেতু ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, এসআরবি ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


