পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে। দাবিকৃত টাকা না দেয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
আহত জেলেদের অভিযোগ, গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেলতে জেলে ওমর ফারুকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শাহআলম চৌকিদার। চাঁদা না দিয়ে বৃহস্পতিবার সকালে ওমর ফারুক চার জেলেকে নিয়ে ট্রলারে করে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলেন।
পরে শাহআলম চৌকিদারের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে তাদের কাছে গিয়ে দাবিকৃত এক লাখ টাকা চান। টাকা না দেয়ায় ইলিয়াস সাগর থেকে তাদের জাল নিয়ে চলে যান বলে অভিযোগ করেন জেলেরা।
জেলেদের আরও অভিযোগ, পরে শাহআলম চৌকিদার, তার ছেলে ইলিয়াস ও রিয়াজসহ ২০ থেকে ২৫ জন সাগরে গিয়ে ওমর ফারুকসহ ট্রলারে থাকা চার জেলের ওপর অতর্কিত হামলা চালান। এতে চার জেলে আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন শাহআলম চৌকিদার। তিনি বলেন, জাল ফেলা নিয়ে তার ছেলের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


