...|...|...

সারাদেশ

নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ১০ স্থানে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৮
Shares
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ১০ স্থানে আগুন

নড়াইলে সাবেক এমপির বাড়িসহ ১০ স্থানে আগুন। ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতার মৃত্যুর ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরই মধ্যে উপজেলার বেন্দারচর এলাকায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র বলছে, বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর একদল লোক এসব বাড়িতে হামলা চালায়। হামলার শিকার বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িও রয়েছে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। সন্ধ্যা ৬টার দিকে শোডাউনটি বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

দুই বিএনপি নেতার মৃত্যুর পর থেকেই নড়াইলের কালিয়ায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঘটনার দুই দিন পার হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ।