...|...|...

সারাদেশ

নেত্রকোনায় শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩০
Shares
নেত্রকোনায় শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় দোকানে কাজ করা এক শিশুকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন দুলাল পূর্বধলা উপজেলার একটি মাদ্রাসার পরিচালক। পাশাপাশি তার একটি ফার্মেসির দোকান রয়েছে, যেখানে কাজ করত ভুক্তভোগী শিশুটি।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে শিশুটির বাবা উল্লেখ করেন, ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে তার সন্তান। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে তাকে নির্যাতনের বিষয়টি জানায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযুক্ত দুলালকে গ্রেফতার করা হয়।  নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।