...|...|...

বিশ্ব

নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ: আইজেনকোট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩৭
Shares
নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ: আইজেনকোট

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। ভোটাররা নেতানিয়াহুর নেতৃত্ব প্রত্যাখ্যান করেছেন দাবি করে তাঁকে রাজনীতি থেকে অবসরের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে তেল আবিবে নিজের দল ‘ইয়াশার’-এর সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আইজেনকোট বলেন, ইসরায়েলিরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সহযোগীদের সঙ্গে কাজ করে যাবেন তিনি।

আইজেনকোট বলেন, ‘আরও একটি নির্বাচন আয়োজন করা ভুল হবে। জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করতে যা কিছু করা সম্ভব, তা করা আমার দায়িত্ব।’

চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশিত না হলেও নেতানিয়াহুর শাসনের বিরুদ্ধে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহুকে সতর্ক করে আইজেনকোট বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তাকে নিজের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহারের দুঃসাহস দেখাবেন না।’

নিরাপত্তা বাহিনীর প্রধানদের উদ্দেশেও তিনি বলেন, তাঁদের দায়িত্ব ইসরায়েলি নাগরিকদের সেবা করা, কোনো রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয়।


এদিকে, চ্যানেল ১৩-এর বুথফেরত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট ও আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট উভয়ই ৫১টি করে আসন পেতে পারে। অন্যদিকে, আরব দলগুলো পেতে পারে ১৮টি আসন। চ্যানেল ১২-এর জরিপে বিরোধী জোটের জন্য ৫২টি এবং নেতানিয়াহুর জোটের জন্য ৫০টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে কোনো জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইঙ্গিত দেয়নি। এ পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

চ্যানেল ১২ জানিয়েছে, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দিতে পারেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আনুষ্ঠানিক ফলাফল ও পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলোর সুপারিশের ওপর।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। মঙ্গলবার রাতে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। বুথফেরত জরিপগুলো প্রাথমিক পূর্বাভাস মাত্র; আনুষ্ঠানিক ফলাফল ৪ নভেম্বর ঘোষণা করা হতে পারে।