জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা নিশ্চিত হতে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত টিনশেডের আধাপাকা বাড়িটিতে ঘটনার সময় কেউ ছিলেন না। বাড়িটির প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তার বাবা-মা বসবাস করেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠানো হয়।
পেট্রোলবোমা হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক অনুসন্ধানে বিস্ফোরণের কোনো শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোলবোমা ব্যবহারের চিহ্ন মেলেনি। এমনকি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও এ ধরনের হামলার পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি জানান, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলের একটি ছবিতেও শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এসবই প্রাথমিক ধারণা। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
আগুনে বাড়িটিতে থাকা দুটি ছাগল মারা গেছে। এ ছাড়া সেখানে রাখা তত্ত্বাবধায়কের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড়চোপড় ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থল থেকে ছবি, ভিডিও ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর ভিত্তিতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, বুধবার রাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার পর এনসিপির কয়েকজন নেতা ঘটনাটিকে পেট্রোলবোমা হামলা বলে অভিযোগ করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এখন পর্যন্ত সেই অভিযোগের পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি।


