...|...|...

সারাদেশ

নিহত হওয়ার স্থানেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশার জানাজা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৪
Shares
নিহত হওয়ার স্থানেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশার জানাজা

ছবি: সংগৃহীত

যে সড়কে বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। দুর্ঘটনাস্থলের সামনেই সহপাঠী ও শিক্ষকদের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে মাইশার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে একই স্থানে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে গেলে সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহপাঠীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্ঘটনার প্রতিবাদে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে কয়েক ঘণ্টা ধরে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর বাসটি পড়ে। এতে বাসের নিচে চাপা পড়েন মাইশা।

মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকায়।

এদিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় আট দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, মামলার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়কের দুই পাশের অবৈধ পার্কিং উচ্ছেদ।

এ ছাড়া সড়ক প্রশস্তকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে পদচারী-সেতু নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।