...|...|...

খেলা

নিষিদ্ধ হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ৯:৫১
Shares
নিষিদ্ধ হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোচের সাথে বিরোধের জেরে ক্যাম্প ত্যাগের ঘটনায় তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। একই ঘটনায় সাময়িক নিষেধাজ্ঞার আওতায়ও পড়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবল তারকা। তবে তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের নেশনস লিগের ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখাকে কেন্দ্র করে প্রধান কোচ হোর্হে জেসুসের সাথে তার বিরোধের সূত্রপাত হয়। রোনালদোর অভিযোগ, মাঠে কতক্ষণ খেলানো হবে, সে বিষয়ে কোচের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

ক্যাম্প ছেড়ে যাওয়ার পর সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চান রোনালদো। নিজের সিদ্ধান্তকে ভুল স্বীকার করে তিনি জানান, তার আচরণের জন্য ফেডারেশন চাইলে শাস্তি দিতে পারে।

শনিবার (১০ অক্টোবর) এফপিএফ জানায়, রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত তদন্ত শুরু হয়েছে। বিষয়টি ফেডারেশনের শৃঙ্খলাবিষয়ক তদন্ত কমিশনে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরোর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত তদন্ত শুরু করা হয়েছে।’

ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, নিয়মের আওতায় প্রথমে স্বয়ংক্রিয়ভাবে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েন রোনালদো। পরে তার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

তবে রোনালদোর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি কী হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শৃঙ্খলাজনিত কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছে এফপিএফ।

চলতি সপ্তাহের শুরুতে রোনালদো জানিয়েছিলেন, তার বিরুদ্ধে যে শাস্তিই দেওয়া হোক, তা মেনে নেবেন। একই সাথে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।