চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দিনভর জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার রাত ৯টার দিকে চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করে সদর মডেল থানা পুলিশ। একই দিনে শহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে দলটির আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন এবং যুবলীগ নেতা আরিফ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ছাড়া শহরের ট্রাক রোড এলাকা থেকে আমজাদ হোসেন রনি এবং গুনরাজদী এলাকা থেকে কামরুল হাসান কাউসারকে আটক করে পুলিশ।
এদিকে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খানকে আটক করেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও তার সঙ্গীয় সদস্যরা। পরে তাকে থানায় নেওয়ার সময় স্থানীয় কিছু নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার দুপুরে চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় চাঁদপুর শহরে পৃথক প্রতিবাদ মিছিল বের করে জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। ২০২৫ সালের ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


